গাজীপুরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরি করার অভিযোগে দুই ভাই সাকিব (৩১) ও রাকিবকে (২২) আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পূর্ব থানা পুলিশে সোর্পদ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে।
পুলিশ তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
আটক দুই ভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে কান্নাকাটি শুরু করেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত পাঁচটায় দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে একভাই চালক এবং অপরভাই যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়ির তিনতলা থেকে এসএস পাইপ নামাতে শুরু করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন এবং হাতনাতে তাদেরকে আটক করেন।
পরে উত্তেজিত জনতা তাদেরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘গণপিটুনির শিকার দুই ভাইকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
কেকে/এআই