হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিজের বাবাকে জবাই করে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে। ঘটনার পর ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা এবং ঘাতক পুত্র ইয়াফিন মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন মিয়ার ছয় ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানার শয্যাসায়ী। তার চতুর্থ পুত্র ইয়াফিন বিগত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত।
মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার এক পর্যায়ে ইয়াফিন তার পিতার শোবারর ঘরে ডুকে এ হত্যাকান্ড ঘটায়। এ সময় তার বড় ভাই ঘরে প্রবেশ করে পিতা শাহাবুদ্দিনের রক্তাক্ত অবস্থায় দেখে শোর চিৎকার শুরু করলে বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আসে।
এরপর বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক পুত্র ইয়াফিনকে শিবপাশা বাজার থেকে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ‘নিহত শাহাবুদ্দিন মিয়ার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার চতুর্থ পুত্র ইয়াফিন দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করছি এবং তার পুত্র ইয়াফিনকে আটক করা হয়েছে।’
কেকে/এআই