কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ সব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আহতরা হলেন— উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের বাদল মিয়া (৫৫), আনোয়ারখালী গ্রামের বাচ্চু মিয়া (৫৫) ও মুকুল মিয়া (৪৮) এবং তারাকান্দি গ্রামের মোমতাজ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার পৃথক সময়ে নিজেদের প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হন ওই চারজন। এ সময় লোকালয়ের আশপাশ থেকে হঠাৎ শিয়াল বের হয়ে এসে তাদের ওপর আক্রমণ করে। শিয়ালের কামড়ে তারা আহত হলে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
একই দিনে উপজেলার পৃথক এলাকায় চারজন শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে দিনের বেলাতেও লোকালয়ের আশপাশে শিয়ালের বিচরণ ও মানুষের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে সাধারণত ঝোপঝাড়, ফসলি জমি কিংবা নির্জন এলাকায় শিয়ালের দেখা মিললেও সম্প্রতি লোকালয়ের কাছাকাছি তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে শিশু, বয়স্ক ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিয়ালের কামড়ে আহত হয়ে চারজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।’
কেকে/এআই