আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অভিষেক হয়েছিল দুঃস্বপ্নের মতো। ২০০৫ সালে বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন এই তারকা। সেই ১৮ বছরের তরুণই দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার পেরিয়ে আজ বিদায় নিলেন কিংবদন্তি হিসেবে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়টাও হলো রাজকীয়। নিজের শেষ ম্যাচে আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার দুর্দান্ত পারফরম্যান্সে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১২৬তম গোলটি করে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন রোজারিওর এই খুদে জাদুকর।
বেনিনের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই দারুণ ছন্দে ছিলেন মেসি। সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর নিজেও পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার পারফরম্যান্সেই বিদায়ী ম্যাচটি হয়ে ওঠে আরও স্মরণীয়।
আর্জেন্টিনার হয়ে অন্য দুটি গোল করেছেন নিকোলাস ওতামেন্ডি ও উদীয়মান ফরোয়ার্ড নিকো পাজ। মেসির মতো ওতামেন্ডিরও আলবিসেলেস্তাদের জার্সিতে এটি ছিল শেষ ম্যাচ।
রিভার প্লেটের ঘরের মাঠ মনুমেন্তালে করা গোলটি মেসির ক্যারিয়ারের ১২৬তম আন্তর্জাতিক গোল। এই মাঠটি মেসির জন্য বরাবরই পয়া। মনুমেন্তালে সব মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। এর কোনোটিতেই হারেননি আর্জেন্টাইন মহাতারকা।
এই মাঠে মেসির গোলসংখ্যা ২০টি। ফলে প্রিয় এই মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল করে বিদায় নেওয়াটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।
কেকে/ এমএস