বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
খেলাধুলা
মেসির ক্রসে শেষ ম্যাচে গোল, আবেগঘন বিদায় ওতামেন্দির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদায়ের মঞ্চে আরও একটি আবেগঘন গল্প লিখলেন নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে মাঠে নেমেই গোল করলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। আর সেই গোলের কারিগর ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি।

মেসির নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ওতামেন্দি। শেষ পর্যন্ত বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের বাম প্রান্ত থেকে কর্নার নেন মেসি। তার নেওয়া বল সরাসরি গিয়ে পড়ে পেনাল্টি স্পটের কাছে।

দৌড়ে এসে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে বলটি জালে পাঠান ওতামেন্দি। গোলের সঙ্গে সঙ্গে যেন পূর্ণতা পায় তার বিদায়ের গল্প।

গোলের পরই দেখা যায় আবেগঘন দৃশ্য। ওতামেন্দি ছুটে যান কর্নার পতাকার কাছে। তাকে জড়িয়ে ধরেন মেসি। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, শেষ ম্যাচেই গোল—আর সেই গোলের সহায়তাকারী দীর্ঘদিনের বন্ধু মেসি। মুহূর্তটি ছুঁয়ে যায় গ্যালারিতে থাকা সমর্থকদেরও।

ম্যাচ শেষে নিজের শেষ গোল নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওতামেন্দি। তিনি বলেন, “অবিশ্বাস্য এক সমাপ্তি। এই ম্যাচটি ছিল বাড়তি পাওয়া, আমি আগেই বিদায় জানিয়েছিলাম। কিন্তু ১০ নম্বরের ডাকে এখানে এসে তার বিদায় উপভোগ করার সুযোগ পেয়েছি। এটি তার জন্য একটি ঐতিহাসিক দিন। জাতীয় দলের সঙ্গে আমার ১৭ বছর কেটেছে এবং তার সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে পারাটা দারুণ ছিল। শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে শেষ গোল করা এমন কিছু, যা আমি সারাজীবন সঙ্গে নিয়ে চলব।”

গোল করার পর অবশ্য বেশিক্ষণ মাঠে থাকেননি ওতামেন্দি। মাত্র চার মিনিট পরই তাকে তুলে নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মাঠ ছাড়ার সময় গ্যালারিতে ওঠে করতালির ঝড়। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই ডিফেন্ডার। বিদায়ের আবেগঘন মুহূর্তে আর্জেন্টিনার ব্যাজে চুমুও দেন তিনি।

বিদায়ের মুহূর্তে মেসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ওতামেন্দি। তিনি বলেন, “সবচেয়ে সাধারণ ও বিনয়ী মানুষদের একজন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ফুটবল প্রতিভা দেখানোর জন্য এবং আর্জেন্টিনার পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্যও ধন্যবাদ।”

বেনিনের বিপক্ষে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির শেষ ম্যাচ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৪০ ম্যাচ এবং করেছেন ১০ গোল।

আর্জেন্টিনার হয়ে ওতামেন্দি জিতেছেন চারটি বড় শিরোপা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

মেসির অ্যাসিস্টে শেষ ম্যাচে গোল করে বিদায়—ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিটাও তাই হয়ে থাকল একেবারে সিনেমার গল্পের মতো।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close