শ্রীমঙ্গলের হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিশাল অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সাপটি উদ্ধার করে।
জানা গেছে, মঙ্গলবার রাতে হাওরে পাতানো মাছ ধরার জালে অজগরটি আটকে পড়ে। সকালে স্থানীয় বাসিন্দা সাইদুল হক বিষয়টি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধার কাজে সহযোগিতা করেন স্থানীয় রাজু মিয়া। তিনি নিজস্ব নৌকা চালিয়ে উদ্ধারকারী দলকে বিলের মাঝখানে উদ্ধারস্থলে নিয়ে যান। সময়মতো উদ্ধার না করা গেলে দীর্ঘক্ষণ জালে পেঁচিয়ে থাকার কারণে অজগরটি মারা যেতে পারত বলে জানান উদ্ধারকারীরা। সহযোগিতার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজু মিয়াকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উদ্ধারকৃত অজগর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে—কোথাও কোনো বন্যপ্রাণী বা পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে আঘাত না করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করুন।
কেকে/সাশ