গাজীপুরের টঙ্গীতে কুখ্যাত ছিনতাইকারী শাওন ওরফে কাইল্লা শাওনকে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তাদের আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে এসআই হানিফ মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ-খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্লা শাওন (২৬) ও তার সহযোগী ছিনতাইকারী সাগর (২৫)। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদের নেতৃত্বে একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালায়। এ সময় কুখ্যাত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে হাতেনাতে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে আহত হয়েও শাওনকে আটক করেন এসআই হানিফ। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।
হামলায় গুরুতর আহত এসআই হানিফকে স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
কেকে/ এমএস