রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হাসনা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. আলমাস বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আলমাস বেপারী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়ার মাহাম বেপারীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, হাসনা বেগম (৩৬) সাভারের আল-মুসলিম গ্রুপ গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। পরদিন সকালে গোয়ালন্দঘাট থানার হাবিল মন্ডল পাড়ার কাছে রাস্তার ঢালে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ঘটনার পর নিহতের ছেলে হাসান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, “দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
কেকে/সাশ