খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এ সব মাদক ধ্বংস করা হয়।
জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছিল। এতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন তামাক জাতীয় মাদকদ্রব্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআই