বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-র জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৯-২০২১ সালের আবেদন যাচাই-বাছাই শেষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মনোনীত রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ সালের তিনজন হলেন— পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন— স্থাপত্য বিভাগের তামান্না সুলতানা স্বর্ণা। আর ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন— মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান।
শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এ সাফল্য রুয়েটের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা জাতীয় পর্যায়ে সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’
কেকে/এআই