ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বৈশ্বিক এভিয়েশন খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন করা প্রয়োজন। নতুন প্রজন্মের এ সব উড়োজাহাজ দেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মন্ত্রী বলেন, ‘কেবল আধুনিক উড়োজাহাজ যুক্ত করলেই একটি এয়ারলাইন সফল হয় না। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্বশীলতার সমন্বয় জরুরি।’
তিনি আরও বলেন, ‘বিমান বাংলাদেশকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা এবং উৎকর্ষতার চর্চা গড়ে তুলতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশকে একটি শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে রূপ দেওয়া সম্ভব। এ প্রতিষ্ঠানটি যেন দেশের প্রতিটি নাগরিকের গর্বের কারণ হয়ে ওঠে, সে লক্ষ্যেই কাজ করতে হবে।’
কেকে/এআই