বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমবাগান এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি চালান পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি জানায়, উদ্ধার করা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তপথগুলো মাদক পাচারের জন্য ব্যবহার করার চেষ্টা করে পাচারকারীরা। এ কারণে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে বিজিবি।
কেকে/ এমএস