নাটোরের লালপুরে ধানের খোলায় মাদক সেবনে নিষেধ করাকে কেন্দ্র করে চিকিৎসক মমতাজুল ইসলাম শিমুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার ছয়রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শিমুলের ভাই সোহাগ ধানের খোলায় কয়েকজনকে আড্ডা দিতে দেখে টর্চের আলো ফেলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনের নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় একটি মোটরসাইকেলসহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় সজিব হোসেন আহত হয়েছেন বলেও জানা গেছে।
অভিযোগের বিষয়ে সজিব হোসেন বলেন, খোলায় আড্ডা দেওয়ার সময় সোহাগ চোখে টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ