নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সজীব সিদ্ধিরগঞ্জের নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সজীব কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
তিনি বলেন, শনিবার হঠাৎ সজীবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেল সুপার জানান, সজীবের শারীরিক গঠন অতিরিক্ত স্থূল ছিল এবং তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। রক্তচাপ বেড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কেকে/সাশ