সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধ অনলাইন জুয়া খেলার অপরাধে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে জেলার আশাশুনি থানাধীন দীঘলারআইট এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. আল-আমিন শেখের ছেলে ইয়াসিন হোসেন (২০), সোনাতনকাটি গ্রামের মো. আজিজুল সানার ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) এবং শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের নুর মোহাম্মদ সানার ছেলে নূরে আলম হোসেন (৩৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযানে ছিলেন।
বুধবার সকাল ৫টা ৪৫ মিনিটের সময় আশাশুনির প্রতাপনগর বাজারে অবস্থানকালে গোপন সংবাদ আসে যে, দীঘলারআইট গ্রামের রুহুল আমিন শেখের (৭৫) বসতবাড়ির উঠানে মোবাইলের অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার আসর বসেছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সকাল ৬টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ ধাওয়া করে উক্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে জব্দকৃত ৬টি মোবাইল ফোন তল্লাশি করে আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট '1XBET', 'MELBET' এবং 'MOBCASH'-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, উক্ত ঘটনায় আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে (মামলা নম্বর-০৯, তারিখ: ০৭/১০/২০২৬ ইং, ধারা: জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর ১৬/১৭/২৭)। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/সাশ