দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাফিজুর রহমান চুন্নুর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বেত্রাঘাত করার অভিযোগ ওঠে হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মারধরের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত করা হয়েছে। তিনি এখন থেকে দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, কোনো নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ