মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন জেলেদের নদীতে জাল না ফেলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সব স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১টি জেলে পরিবারের মাঝে চাল বিতরণকালে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।
মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়ার সুযোগ পায়, তা থেকে প্রায় দুই লাখ ইলিশ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।’
জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ মাছ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব দিক থেকে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
কেকে/ এমএস