কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের পৃথক দুটি অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে ২টি ডাম্পার জব্দ করা হয়েছে। একই সাথে পাখি শিকার রোধে অভিযান চালিয়ে ৫০০ ফুট বক ধরার ফাঁদ জব্দ এবং শতাধিক শিকারি ঘর ও প্রায় ১ হাজার ককসিটের তৈরি নকল বক ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের অধীনে এসব অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন মোচারখোলা কালামের পাহাড় এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সংবাদ পেয়ে অভিযান চালায় বন কর্মী বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে মাটি ভর্তি ২টি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার দুটি বর্তমানে উখিয়া রেঞ্জ অফিস হেফাজতে রয়েছে।
পরবর্তীতে একই দিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উখিয়া সদর বিটের মাছকারিয়া বিলে দ্বিতীয় অভিযান চালানো হয়। অভিযানে বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা ৫শত ফুট বক ধরার ফাঁদ জব্দ করা হয়। এ সময় পাখি শিকারিদের তৈরি করা শতাধিক ঘর এবং বক প্রলোভন দেখিয়ে শিকারের কাজে ব্যবহৃত প্রায় ১হাজার ককসিটের তৈরি নকল বক ধ্বংস করেন অভিযানকারীরা।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা জনাব ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা জনাব আরাফাত মাহমুদ, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা এবং রাজাপালং বিট কর্মকর্তা জনাব রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও উখিয়া রেঞ্জের সকল বিটের স্টাফ এবং ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যগণ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, পাহাড়ি পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি উত্তোলন ও পাখি শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস