নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মানবকল্যাণমূলক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বেলকুচির আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল আল মামুনসহ অনেকে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে খাজা টিপু সুলতান বলেন, ‘আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি, ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াব। সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।’
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি সারাদেশে আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধু খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের মধ্যে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করা হচ্ছে।
কেকে/ এমএস