চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছর পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ড ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
এনসিটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তখন সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় প্রক্রিয়াটি এগোয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিষয়টি দর-কষাকষির পর্যায়ে পৌঁছায়। তবে শ্রমিকদের আন্দোলন এবং আলোচনা কমিটির কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির সঙ্গে দর-কষাকষি অব্যাহত রাখার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চুক্তি সইয়ের মধ্য দিয়ে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে গেল।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে আয়তন ও কার্যক্রমের দিক থেকে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনা করছে। ডিপি ওয়ার্ল্ডের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত তারাই টার্মিনালটির কার্যক্রম চালিয়ে যাবে।
চট্টগ্রাম বন্দরের বাকি তিনটি টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান। অন্যদিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্বে রয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।
কেকে/সাশ