টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক নামে ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্র জানায়, গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সঙ্গে চলে যান। এরপর দুই সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন আয়নাল। পরে পরিবারের সদস্যদের পরামর্শ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। পরে নববধূকে সঙ্গে নিয়ে ঘরে যাওয়ার পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ের পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাটি সত্য। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আয়নালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কেকে/সাশ