জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলায় এক সিঙ্গাপুর প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার কালাম মন্ডল যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫-৬ লাখ টাকার মাছ মারা যায়। এর আগে প্রকাশ্য দিবালোকে মাছের প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের চারপাশের ঘের ভেঙে ফেলা হয়।
ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির ওপর একটি মাছের প্রজেক্ট গড়ে তোলেন।
সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল দাবি করেন, তার প্রজেক্টের মধ্যে কিছু জমি তারা ক্রয় করেছেন। এ বিষয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলাও চলমান রয়েছে।
তবে অভিযোগ অনুযায়ী, জমির পরিবর্তে তারা বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে তার প্রজেক্টে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা চলে যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। পরে একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়।
প্রজেক্টের কর্মচারী সুমন মন্ডল বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগের কারণে সব মাছ মারা গেছে। এতে শুধু পুকুরের মালিকই ক্ষতিগ্রস্ত হননি, এখানে কাজ করা প্রায় ২০ জনও ক্ষতির মুখে পড়েছেন। আমরা এর বিচার চাই।’
অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’
কেকে/এআই