সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে সাশ্রয়ী এবং সহজলভ্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করা গেলে দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত আরও মানুষ সময়মতো চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ড. দুর্গা পি. পাওডিয়াল কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘পড়াশোনা, কর্মজীবন, নিরাপদ চলাচল ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার জন্য ভালো দৃষ্টিশক্তি গুরুত্বপূর্ণ। সময়মতো চোখের পরীক্ষা, যত্ন ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক দৃষ্টিজনিত সমস্যা এমনকি অন্ধত্বও প্রতিরোধ করা সম্ভব।’
‘লাভ ইয়োর আইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইএনজিও ফোরাম অন আই হেলথ ইন বাংলাদেশ ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) যৌথভাবে দিবসটি পালন করে। এতে সরকারি কর্মকর্তা, চক্ষু বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে রাজধানীর সিআইআরডিএপে র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আইএনজিও ফোরামের চেয়ার ও সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, ‘২০২০ সালের নেশনওয়াইড ব্লাইন্ডনেস সার্ভে অনুযায়ী, দেশে ৩০ বছর ও তার বেশি বয়সী ১৯ শতাংশ মানুষ কোনো না কোনো দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘দৃষ্টিশক্তির সমস্যা শিশুদের পড়াশোনা ও সামাজিক বিকাশের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা, আত্মনির্ভরতা ও অর্থনৈতিক সুযোগে প্রভাব ফেলে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকার ও এনজিওগুলোর সমন্বয় জোরদার করা প্রয়োজন।’
ভিশনস্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন বলেন, ‘একটি চশমাও মানুষের শিক্ষা, জীবিকা, নিরাপদ চলাচল ও দৈনন্দিন কাজের সক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। তাই প্রয়োজনীয় চশমা ও চক্ষুসেবা সবার নাগালে আনার উদ্যোগ আরও জোরদার করা দরকার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মহসীন। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির। তিনি চক্ষুস্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন), ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা পরিচালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রোগ্রাম হেড ডা. আফসানা হাবিব শিউলি।
প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো এবং সবার জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য। এ বছর ৮ অক্টোবর দিবসটি পালিত হচ্ছে।
অনুষ্ঠানের সমাপনীতে আইএনজিও ফোরাম অন আই হেলথের কো-চেয়ারের পক্ষে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এ কে এম বদরুল হক সবার জন্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেকে/এআই