জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এ সব গরু বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু এবং মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন্নবী সাইফুল।
গরু পেয়ে মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামের উপকারভোগী ফরিদা (৫০) বলেন, ‘গরু পেয়ে আমি খুব খুশি। কোনো দিন ভাবিনি আমার নিজের একটি গরু হবে। এটি আমার পরিবারের আয়ের একটি সুযোগ তৈরি করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, ‘গরুগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারলে অসহায় উপকারভোগীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।’
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে অসহায় উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।’
অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের গবাদিপশুর সঠিক পরিচর্যা, পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আহ্বান জানান।
কেকে/এআই