বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ লজিস্টিকস খাতের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানান।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন এবং লজিস্টিকস অবকাঠামো আধুনিকায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে হওয়া ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক আইসিডি স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা ও আগ্রহের কথা জানতে চান। প্রতিনিধিদল এ সব খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের বন্দর অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করার সম্ভাবনাগুলো নিয়েও মতবিনিময় হয়।
সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের অংশগ্রহণের ফলে টার্মিনালের আধুনিকায়ন ও পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
কেকে/এআই