চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরে দুটি বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। অভিযানে এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের একটি দল অংশ নেয়।
জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, উদ্ধার করা সিরাপের ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেকে/সাশ