মিরপুর-১০সহ রাজধানী ঢাকার সব এলাকার ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফুটপাত দখল নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না। কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে জুলাই গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
এ সময় মো. শফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
জুলাই গ্রাফিতি অঙ্কন কার্যক্রম প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।
কেকে/এমএস