কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার পিস ইয়াবাসহ জাকারিয়া নামে পিকআপচালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও এসআই মধু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ভেতরে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপচালক জাকারিয়াকে আটক করা হয়েছে।
আটক জাকারিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা গ্রামের শফিকুর রহমানের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, টেকনাফ থেকে পিকআপে করে অস্ত্র ও ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপটি আটক করা হয়। পরে তল্লাশি করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/সাশ