তারুণ্যের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে বৃক্ষ ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি দুই কলেজের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) পঞ্চগড়ের দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে এ প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে উৎসাহিত করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে তাঁদের অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।
এদিকে, একই দিন বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
প্রশিক্ষণের পাশাপাশি এ ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে সহায়ক ভূমিকা রাখে। পরিবেশবান্ধব কার্যক্রম ও খেলাধুলার সমন্বয়ে এ আয়োজন তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাঁদের আগ্রহ ও উদ্দীপনা প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ