মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ ঘটনায় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারের মূল হোতা হিসেবে চিহ্নিত দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) পালিয়ে গেছেন বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী দল।
বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে। তিনি ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে রাশেদ শেখকে আটক করা হয়। পরে তার দেহ ও কক্ষে তল্লাশি চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে আরও চারটি ল্যাপটপ, টাকা গণনার একটি মেশিন, একটি প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬-এর দাবি, দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন এই মাদক কারবারের মূল হোতা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনিও ওই কক্ষে থাকতেন। অভিযান টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান বলে জানায় অভিযান পরিচালনাকারী দল।
কোম্পানি কমান্ডার আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাশেদ শেখকে উদ্ধার করা আলামতসহ মাগুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/সাশ