সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুইটি হামলা হয়েছে হয়ে। প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং দ্বিতীয় হামলায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়। এতে তিনজন সৌদি নাগরিক নিহত হন ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামলায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
জিএসিএ জানিয়েছে, হামলার পর জরুরি উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।
এর পূর্বে বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি বিমান সংস্থা রাজধানীগামী ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, বৃহস্পতিবার কোনো প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় টার্মিনালে পার্ক করে রাখা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ হয়েছে।
তারা জানিয়েছেন, ওই সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলেই ধারণা করা হচ্ছে। তবে হতাহতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা রিয়াদে বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া একটি বড় বিস্ফোরণও রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেখানে দমকল ও অ্যাম্বুলেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। একটি ভিডিওতে বিমানবন্দর থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
সূত্র : গালফ নিউজ, দ্য গার্ডিয়ান, রয়টার্স, এপি
কেকে/এমএ