নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালিয়ে সম্মানহানির প্রতিবাদ জানিয়েছেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে স্বপ্না সরকারের স্বামী কণ্ঠশিল্পী শাহীন বাবু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপ্না সরকার অভিযোগ করেন, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ব্যক্তিগত বিরোধের জেরে আনজুয়ারা সুমি নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হয়।
এছাড়া অভিযুক্ত সুমি কিশোরগঞ্জের কয়েকজন সাংবাদিককে নিয়ে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে বলে দাবি করেন তিনি।
স্বপ্না সরকার বলেন, একজন বাবার অপরাধের দায় তার সন্তানের ওপর বর্তাতে পারে না। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, যেগুলোর পক্ষে কোনো প্রমাণ নেই।
এসব প্রচারে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বপ্না সরকার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
কেকে/এমএ