শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      
দেশজুড়ে
কক্সবাজারে এলজিইডিতে তিন ভাইয়ের ‘একচ্ছত্র আধিপত্য’
​মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ পিএম
আলা উদ্দিন ও হেলাল উদ্দিন

আলা উদ্দিন ও হেলাল উদ্দিন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কক্সবাজার কার্যালয় ও বিভিন্ন উপজেলা অফিসে দীর্ঘ ১৭-২৬ বছর ধরে তিন ভাইয়ের বহাল তবিয়তে অবস্থান ও আধিপত্য বিস্তার নিয়ে সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সরকারি চাকরিবিধিতে সাধারণত একই কর্মস্থলে তিন বছরের বেশি অবস্থান না করার স্পষ্ট নির্দেশনা থাকলেও অলিখিতভাবে সেই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই জেলা ও উপজেলায় বহাল রয়েছেন এই তিন ভাই।

​দীর্ঘদিন একই স্থানে অবস্থানের সুবাদে তারা এলাকায় নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলাসহ প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। 

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ও অসাধু ঠিকাদারদের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে তারা এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনৈতিক সুবিধা দিয়ে আসছিলেন এমনও অভিযোগ রয়েছে।

টেকনাফ উপজেলা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে টানা প্রায় ১৭ বছর একই উপজেলায় দায়িত্ব পালন করেন আলা উদ্দিন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে উপজেলা প্রকৌশলী (ইউই) হলেও তার কর্মস্থল পরিবর্তন হয়নি; রহস্যজনকভাবে তিনি টেকনাফেই বহাল রয়েছেন।

অপর ভাই হেলাল উদ্দিন দীর্ঘ ২৬ বছর ধরে কক্সবাজার সদর উপজেলা ও জেলা অফিসের বিভিন্ন পদে কর্মরত। তিনি দীর্ঘদিন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর সম্প্রতি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পান। পদোন্নতির পরও তাকে অন্য কোনো জেলায় বদলি না করে কক্সবাজারেই রেখে দেওয়া হয়েছে বলে জানা যায়।

তৃতীয় ভাই মো. মামুন বিগত ১৭ বছর ধরে একাধারে কক্সবাজার জেলা এলজিইডি কার্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, একজন রাজস্বভুক্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীর একই কর্মস্থলে একটানা মেয়াদ সাধারণত ৩ বছর। কোনো বিশেষ ক্ষেত্রে তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিশেষ করে প্রকৌশল ও উন্নয়নকাজের সাথে সম্পৃক্ত স্পর্শকাতর দাপ্তরিক পদে দীর্ঘদিন এক স্থানে বহাল থাকলে দুর্নীতি ও সিন্ডিকেট তৈরির সুযোগ সৃষ্টি হয়। একই পরিবার বা রক্তের সম্পর্কের একাধিক ব্যক্তি একই জেলার প্রকৌশল বিভাগে দীর্ঘ দেড় থেকে আড়াই দশক ধরে অবস্থান করা সরকারি বদলি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার পদোন্নতি হয়ে সহকারী প্রকৌশলী হয়েছি। তবে এখনো অন্য কোথাও পদায়ন না হওয়ায় বর্তমানে কক্সবাজারেই অবস্থান করছি।’

​অন্যদিকে, টেকনাফ উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন তার বিরুদ্ধে ওঠা দীর্ঘমেয়াদী অবস্থানের কথা অস্বীকার করে দাবি করেন, ‘টেকনাফে আমার কর্মস্থল তিন থেকে সাড়ে তিন বছর।’

তবে স্থানীয়দের দাবি, পদবি ও পদায়ন পরিবর্তন হলেও বিগত ১৭ বছর ধরেই তিনি টেকনাফের দাপ্তরিক কাজ পরিচালনা করে আসছেন।

​ঢাকায় বদলি হওয়ায় কম্পিউটার অপারেটর মো. মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাহবুব আলম বলেন, ‘সরকারি নীতিমালা তোয়াক্কা না করে তিন ভাইয়ের একই জেলায় কর্মস্থল হওয়ার কারণে ঠিকাদারদের সাথে তাদের একটি সুসম্পর্ক গড়ে ওঠে সরকারি কাজে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। এসব ঠিকাদারদের অনৈতিক সুবিধা দিতে তাদের এ তিন ভাইয়ের সিন্ডিকেট গত ১৭-২৬ বছর পর্যন্ত কাজ করে আসছে।’ এমনটা মনে যায়।

একই স্থানে তিন ভাইয়ের এত দীর্ঘ সময় অবস্থান এবং সরকারি বিধান লঙ্ঘনের বিষয়ে বক্তব্য জানতে এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেনের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এবং বার্তা পাঠানো সত্ত্বেও সংবাদ প্রকাশ করা পর্যন্ত কোনো উত্তর বা বক্তব্য পাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজারে এলজিইডি   তিন ভাইয়ের একচ্ছত্র আধিপত্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close