দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, ‘বিরোধী দল যদি যথাযথ ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় জামায়াতকে নিতে হবে।’
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে শামা ওবায়েদ ইসলাম বলেন, “১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।”
বিদ্যুৎ খাতে দুর্নীতি ও বর্তমান সরকারের উদ্যোগ বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগ, ইউনূস সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে।’
দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ধরনের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
মুক্তিযোদ্ধাদের আড়াল করা কিংবা তাদের অপমান করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ