শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
আন্তর্জাতিক
বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, মোতায়েন হাজারো পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ এএম

ভারতের ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভের আগে রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। শনিবারের কর্মসূচি ঘিরে রাজধানী ও আশপাশের এলাকায় হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গণপরিবহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যুব নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠার পর কয়েক সপ্তাহ ধরে বিরোধীদের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

গত মাসে একটি সংবাদপত্রের অনুসন্ধানী প্রতিবেদনে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। এর পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে নির্বাচন কমিশন অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘বিশেষ নিবিড় সংশোধন’ কার্যক্রমের উদ্দেশ্য ছিল ভোটার তালিকা থেকে দ্বৈত ও অযোগ্য ভোটারদের বাদ দেওয়া।

বিরোধী দল ও সমালোচকদের অভিযোগ, এ প্রক্রিয়ার ফলে কিছু ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুবিধা তৈরি করতে পারে।

শনিবারের কর্মসূচি ঘিরে দিল্লিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণত সরকারি অনুমোদিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত যন্তর মন্তরের দিকে যাওয়া সড়কগুলোতে কয়েক স্তরের হলুদ ধাতব ব্যারিকেড বসানো হয়েছে। তবে এ সপ্তাহান্তে সেখানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

সিজেপির এ কর্মসূচিকে গত জুলাইয়ে দলটির বড় সমাবেশের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ওই আন্দোলনের পর একটি পরীক্ষায় অনিয়মের ঘটনায় দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছিলেন। এবার দলটি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

ভোটার তালিকা নিয়ে এ বিতর্ক প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে কর্তৃপক্ষ দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং নয়াদিল্লিগামী একাধিক ট্রেন বাতিল করেছে। তবে শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, কিছু ট্রেন চলাচল অব্যাহত রাখতে হবে এবং নির্বিচারে সব মেট্রো স্টেশন বন্ধ করা যাবে না।

সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভ ঠেকাতে রাজধানীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। তাঁর দাবি, বিক্ষোভস্থলে সমাবেশ করতে না দিয়ে কর্তৃপক্ষ সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি করছে।

মে মাসে অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করা সিজেপি অভিযোগ করেছে, বিক্ষোভের আগে তাদের সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। দলটির দাবি, ট্রেনে করে দিল্লিগামী বিক্ষোভকারীসহ সারা দেশে অন্তত ১০ হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশে আটক কয়েকজনকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বোরা বলেন, মানুষকে আটক করা গেলেও আন্দোলন থামানো যাবে না।

২০২৫ সালে শুরু হওয়া ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রমে খসড়া তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখের বেশি নাম বাদ পড়েছে। বাদ পড়া নামগুলোর মধ্যে দ্বৈত নিবন্ধন এবং মৃত ব্যক্তিদের নামও রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের ভাষ্য, ভোটার তালিকায় জালিয়াতি করে নিবন্ধিত ব্যক্তিদের শনাক্ত করা এবং ‘বিদেশি অবৈধ অভিবাসীদের’ ভোট দেওয়া ঠেকানো এ কার্যক্রমের উদ্দেশ্য। তবে সমালোচকদের অভিযোগ, এ উদ্যোগে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠী তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোদির হিন্দুত্ববাদী বিজেপির নেতারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, প্রতিবেশী বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক অনথিভুক্ত মুসলিম অভিবাসী অবৈধভাবে ভারতের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কে নির্বাচন কমিশনের বক্তব্য এবং বিরোধীদের অভিযোগের মধ্যে মতপার্থক্য রয়েছে।


সূত্র: এএফপি

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ককরোচ পার্টি   দিল্লি   বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close