শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      
দেশজুড়ে
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, আটক ভারতীয়
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাংলাদেশিরা। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরতে গেলে সাহাজুলের সঙ্গে এক ভারতীয় নাগরিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টারের আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাংলাদেশিরা সীমান্তবর্তী মাঠে কাজ করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন।

এদিকে, বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে বিজিবি সদস্যরা সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত থাকলেও বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, নদীতে সামান্য বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া সীমান্ত   বিএসএফে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close