নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি বলেছেন, ‘বিদেশি সংস্কৃতির প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে নিজেদের ঐতিহ্য ও স্বকীয়তা হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
শনিবার (১০ অক্টোবর) রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘বিগত কয়েক বছরে মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয় ঘটেছে। অনেকে নিজেদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য ভুলে বিদেশি সংস্কৃতির প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এ অবস্থা থেকে ফিরে এসে নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে ধারণ করা জরুরি। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরিতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট মো. শাফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোহসিন আলী।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শাপলা কালচারাল স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।
কেকে/এআই