প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নির্মাণাধীন ইটভাটার চুল্লিসহ সম্পূর্ণ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
মো. আল মামুন জানান, পরিবেশ দূষণরোধ এবং ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থান। উপজেলার কোথাও কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।
কেকে/এআই