রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির ভবিষ্যৎ ও দেশের নেতৃত্ব দেবে।’
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়টির ছয়তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা উপকরণ দ্রুত সরবরাহ করতে হবে। শিক্ষক নিয়োগে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে।’
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরটি দ্রুত ভরাট করে নির্ধারিত সীমানাপ্রাচীরের আওতায় আনতে হবে। বিদ্যালয়ের সম্পত্তি দখল কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’
এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও ভিটামিন সি-’র চাহিদা পূরণে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম ও তেঁতুলসহ বিভিন্ন ফলদ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার জাহানসহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
কেকে/এআই