বিভিন্ন জরিপে দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ার চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (১০ অক্টোবর) ঢাকা দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পোশাক ও শিল্প খাতের প্রসারে জোর দিয়ে অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের বন্ধ থাকা শিল্পকারখানাগুলো আধুনিকায়ন করা গেলে কোনোটিতেই আর লোকসান হবে না। আমরা সবাই মিলে একযোগে কাজ করলে বাংলাদেশকে একটি আধুনিক ও উৎপাদনশীল দেশে পরিণত করা সম্ভব।’
টেক্সটাইল খাতের বর্তমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেন তিনি।
রুহুল কবির রিজভী জানান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ নিয়েছেন।
বর্তমান অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি ও বিদ্যুৎ সংকট। মধ্যপ্রাচ্যের চলতি যুদ্ধের নেতিবাচক প্রভাব এই খাতগুলোতে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারেও দাম বাড়ছে। তবে সরকার এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বিগত সরকারের অর্থনৈতিক অনিয়মের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যাংক খাত থেকে শুরু করে অতীত সরকার সব খেয়ে গেছে। বর্তমানে যা অবশিষ্ট আছে, তা নিয়েই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কেকে/এমএ