রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতা ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাঁচ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ সব সনদ ও ফেলোশিপ তুলে দেওয়া হয়। রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও সামাজিক দায়বদ্ধতা জড়িত। বিশেষ করে, অপতথ্য ও গুজবের বিস্তারের সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ লেখা ও নৈতিক সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে রাকসু।’
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতা শেখানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’
প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার জানান, প্রশিক্ষণার্থীদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণ তাকে বিশেষভাবে উৎসাহিত করেছে। সাংবাদিকতায় তার শুরুর সময় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। সেখানে বর্তমানে নবীন প্রশিক্ষণার্থীদের মধ্যে ছয়জন ছাত্রীকে দেখে তিনি আশাবাদী হয়েছেন।
প্রশিক্ষণার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মমিন সরকার জানান, কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও তথ্য যাচাইয়ের বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন তারা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসানা ফিহা জানান, প্রশিক্ষণ থেকে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা পেয়েছেন। ভবিষ্যতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে চান তিনি।
কেকে/এআই