আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে অধিনায়ক রহমত শাহ ও ইকরাম আলিখিলের অবিচ্ছিন্ন জুটিতে সেই চাপ কাটিয়ে স্বস্তিতে দিন শেষ করেছে তারা।
শনিবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রান তুলে এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আফগানরা।
চা-বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ১৩১ রান তুলেছিল আফগানিস্তান। বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ফিফটি করা ওপেনার আব্দুল মালিক ও সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। প্রথমে মালিককে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন ইবাদত হোসেন চৌধুরী। এরপর রানের খাতা খোলার আগেই শহীদিকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। মাত্র ২ বল খেলেই ফিরতে হয় শহীদিকে। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।
সেই চাপ সামাল দেওয়ার দায়িত্ব নেন অধিনায়ক রহমত ও ইকরাম। দুইজনই ধৈর্য ধরে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়েছেন। ফিফটি তুলে নেওয়া রহমত এখন ছুটছেন সেঞ্চুরির পথে। অন্য প্রান্তে ইকরামও দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। সুযোগ বুঝে বাউন্ডারি আদায়ের পাশাপাশি নিয়মিত স্ট্রাইক বদলে বাংলাদেশের বোলারদের হতাশ করেছেন তারা।
শেষ বিকালে আর কোনো উইকেট হারাতে হয়নি আফগানিস্তানকে। পঞ্চম উইকেটে রহমত ও ইকরাম মিলে গড়েছেন ১৯৫ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি। তাদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
দিন শেষে ৭৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান। ১৮৬ বলে ৮৪ রান নিয়ে অপরাজিত আছেন রহমত। তার সঙ্গে ৯১ বলে ২৬ রান করে ব্যাট করছেন ইকরাম। তৃতীয় দিন রহমতের সামনে থাকবে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ।বাংলাদেশের হয়ে ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।
কেকে/এমএ