চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো উপজেলার পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কেরানীহাট মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় ১৪টি ইলিশ মাছ, যার মোট ওজন ১১ কেজি, জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানভীর আহসান, সাতকানিয়া থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কেকে/এআই