ভারতের মুম্বাইয়ে এবার বিক্ষোভ থেকে আটক হলেন বলিউড অভিনেতা ইমরান খান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের সমর্থনে সেখানে উপস্থিত ছিলেন নায়ক।
আজ শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরানকে আটক করে মুম্বাই পুলিশ।
আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তা পোস্ট করেন ইমরান। আটকের পর তোলা সেলফিতে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি।
ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
আটক প্রসঙ্গে পুলিশ বলছে, ‘বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। কিন্তু সিজেপি সমর্থনে বিক্ষোভকারীরা বলছেন বিক্ষোভের জন্য তাদের নির্ধারিত স্থান ছিল আগস্ট ক্রান্তি ময়দান।’
মুম্বাই পুলিশ জানায়, ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি।
অন্যদিকে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু কোনো উত্তর পাননি।
বলে রাখা ভালো, এর পূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন ইমরান খান। ওই সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কেকে/এমএ