শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
দেশজুড়ে
নদীভাঙন প্রতিরোধ ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের নির্দেশনা সেতু সচিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

শনিবার (১০ অক্টোবর) তিনি পদ্মা সেতুর শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তের মাঝিরকান্দি এলাকায় নদীভাঙন পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইটিসি রেজিস্ট্রেশন কার্যক্রম ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে আবদুর রউফ জাজিরা প্রান্তের মাঝিরকান্দি এলাকায় নদীভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নদীভাঙন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশনা দেন।

এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পদ্মা সেতু এলাকায় রোপিত বিভিন্ন প্রজাতির চারাগাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন আবদুর রউফ। তিনি রোপিত চারাগাছের যথাযথ পরিচর্যা, নিয়মিত পানি সরবরাহ, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে চারাগাছগুলোর সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেতু সচিব বলেন, ‘বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের যোগাযোগ খাতে এক অভাবনীয় রূপান্তর ঘটেছে।প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও অদম্য সদিচ্ছার কারণেই আজ মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের মুখ দেখছে। একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং ধারাবাহিক দিকনির্দেশনায় দেশের যোগাযোগ অবকাঠামো বিশ্বমানে উন্নীত হচ্ছে।’

পরিদর্শনকালে তিনি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) রেজিস্ট্রেশন কার্যক্রম, জাদুঘর নির্মাণ ও অন্যান্য নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে আধুনিক ও নির্বিঘ্ন টোল আদায় ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন আবদুর রউফ।

পাশাপাশি তিনি পদ্মা সেতু জাদুঘর এবং জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

বিশেষভাবে তিনি আগামী পবিত্র ঈদের পূর্বেই জাজিরা প্রান্তের বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দেন, যাতে ঈদযাত্রায় যাত্রীসাধারণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এসব সুবিধা ব্যবহার করতে পারেন। 

আবদুর রউফ সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম তদারকি করেন। তিনি পদ্মা সেতুর সার্ভিস এরিয়াতে নির্মাণাধীন বাস-বে আলোকিত করার জন্য সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং বাস-বে তে স্থাপিত সোলার লাইটের মাধ্যমে এখানকার বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। 

পরিদর্শনকালে তিনি পদ্মা সেতুর সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, চলমান উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নদীভাঙন প্রতিরোধ   উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের নির্দেশনা   সেতু সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close