বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাদিয়াদ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। লুঙ্গি পরা ওই যুবক নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। পরে তাঁকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যেতে দেখা যায়।
ঘটনার ভিডিও ও ছবি মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলো পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত করার পর গাবতলীতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি রাকিব হোসেন জানান, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য একটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি মামলাটির তদন্তেও তার নাম সন্দেহভাজন হিসেবে এসেছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/সাশ