জয়পুরহাটের কালাইয়ে নিম্ন আয়ের ও অসচ্ছল ১৪৬ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কালাই পৌর এলাকায় তার নিজ বাসভবনে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার দুস্থ মানুষের জরুরি প্রয়োজন মেটাতে বিশেষ বরাদ্দ থেকে এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে আব্দুল বারী বলেন, অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ তহবিল থেকেও দুস্থদের সহায়তা দেওয়া হচ্ছে। এ অর্থের পরিমাণ সীমিত হলেও উপকারভোগীদের জরুরি প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, দুস্থ ভাতা, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতা, কাবিখা ও কাবিটা কর্মসূচি, খাল খনন, বৃক্ষরোপণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। কালাই পৌরসভার থুকসারা গ্রামের রশিদুল ইসলাম বলেন, সীমিত আয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। এ অনুদান জরুরি খরচ সামলাতে কাজে আসবে।
মাত্রাই ইউনিয়নের ইন্দাহার গ্রামের জাকিয়া সুলতানা ও উদয়পুর ইউনিয়নের বাশিলাপাড়া গ্রামের জাকিয়া বেগমও এ সহায়তায় স্বস্তি প্রকাশ করেন। তাঁদের মতে, অসচ্ছল পরিবারের জন্য এ ধরনের সহযোগিতা প্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়ক।
অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, পরিবারের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী উল্লেখযোগ্য।
কেকে/সাশ