নেত্রকোনার দুর্গাপুরে টেলিভিশন সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪-এর সদর কোম্পানি (ময়মনসিংহ) সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ছায়াতদন্ত শুরু করে বাহিনীর গোয়েন্দা দল। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে প্রাঙ্গনকে আটক করা হয়।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন ‘রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজে সীমান্ত এলাকার অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।
গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে স্থানীয় একটি মনোহারি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন আলিফ। আগ্নেয়াস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেপ্তার প্রাঙ্গনকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/সাশ