দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনুগত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (গত ২০ অক্টোবর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় আমেলা অধিবেশনের সিদ্ধান্তের ভিত্তিতে ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়। আমেলা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হলেও, মাওলানা জামিল আহমদ আনসারী এ বিষয়ে কেন্দ্রে কোনো লিখিত আপত্তি জানাননি।
অভিযোগে বলা হয়, কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও পূর্বনির্ধারিত কাউন্সিলে অংশ না নিয়ে তিনি স্থানীয় কয়েকজন দায়িত্বশীলকে সঙ্গে নিয়ে একই দিনে জেলা প্রেস ক্লাবে দলীয় ব্যানারে ‘উলামা সমাবেশ’ আহ্বান করেন এবং দলীয় নেতাকর্মীদের মূল কাউন্সিলে যোগ না দেওয়ার অনুরোধ জানান। পরবর্তী উক্ত উলামা সমাবেশকে তথাকথিত কাউন্সিলের রূপ দিয়ে সেখানে পাল্টা কমিটি ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় নির্দেশনার তোয়াক্কা না করে ‘কেন্দ্রের সঙ্গে যোগাযোগ আছে’ মর্মে বক্তব্য প্রদান করা হয়।
দলের গঠনতন্ত্রের ১৬ ধারা (উপধারা-২, ৫) এবং ৪৫ ধারা (উপধারা-খ)-এর ভিত্তিতে দলীয় সভাপতির নির্দেশক্রমে এ নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পরবর্তী ২ সপ্তাহের মধ্যে লিখিতভাবে কেন্দ্রকে এ বিষয়ের সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে চূড়ান্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
কেকে/এআই