বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাজেকে তৃতীয় দফায় অবরোধ, পর্যটক প্রবেশ বন্ধ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ১:২৯ পিএম

তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো রাঙামাটির বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির নেতাকর্মীরা। এতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা বিপাকে পড়েছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেকের বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনায় সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার সকাল ৮টায় সাজেক থেকে গাড়ি ছাড়ার সময় নির্ধারিত থাকলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাড়িগুলো সারিবদ্ধভাবে অবস্থান করছিল। তবে গাড়ি ছাড়ার বিষয়ে তখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আন্দোলনকারী সংগঠন দুটির নেতারা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়ায় তারা আবারও অবরোধ কর্মসূচি শুরু করেছেন। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের বিভিন্ন গ্রামে প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানো হচ্ছে। এতে শতাধিক সাধারণ মানুষ ভয়ভীতি ও মৃত্যুর হুমকির মুখে ঘরছাড়া হয়েছেন বলে দাবি তাদের।

আন্দোলনরত সংগঠনগুলোর নেতারা বলেন, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, গত ১১ অক্টোবর তিন দফা দাবিতে প্রথমবারের মতো অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি প্রত্যাহার করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবারও অবরোধের ডাক দেওয়া হয়।

পরে দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি স্থগিত রাখা হয়। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে তৃতীয় দফায় আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সাজেক   অবরোধ   পর্যটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close